পুজো প্যান্ডেলে হঠাৎই এক পুরনো বন্ধুর সাথে দেখা। এ ঘটনাতো আকছার ঘটতে দেখা যায়। এমনটাই হয়েছিল উত্তর কলকাতার বেনিয়াটোলা স্ট্রিটের অধরলাল সেন-এর বাড়িতে। পুজো দেখতে এসে আড্ডা জমিয়ে ছিলেন সে কালের তিন মহারথী; ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামীজি ও বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। মূর্তিমান ইতিহাসসম এই বাড়িতে ২৭ টি গান গেয়ে শুনিয়েছিলেন স্বামীজি। আজ পরম যত্নে, পারিবারিক রীতিনীতি মেনে পুজো হয় ৯৭ বেনিয়াটোলা লেন, অধরালয়ে।
কে বলে বাঙ্গালীর ব্যবসা হয় না। দেখে আসুন জোড়াসাঁকোর দাঁ বাড়ি; একটি শিবকৃষ্ণর, অন্যটি নরসিংহর। একজনের ব্যবসা ওয়াগান তো অন্যজনের গানের, আজ্ঞে বন্দুকের! সেকালের লোকের মুখে মুখে ফিরত এবাড়ির পুজোর জাঁক। বলা হয়, মা কৈলাস থেকে এসে গহনা পড়েন এই দাঁ-বাড়িতে। নরসিংহর বাড়ির মা সুসজ্জিতা হন, টিকলি, টায়রা, সাতনরি, সীতাহার, মান্তাশার মতো পুরাতনী গহনায়ে; আর শিবকৃষ্ণর দেবীর চালচিত্র সোনায় সাজানো। মায়ের গায়ে শতাব্দী প্রাচীন মেরুন রঙের মনি-মানিক্য খচিত ভেলভেটের শাড়ী।
কুমোরটুলির কবিরাজ বাড়ি চেনেন? না বোধহয়। এককালে দেশ-বিদেশ থেকে লোক আসতেন কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের এই বাড়িতে। শুধুমাত্র কবিরাজি করে সেসময় প্রচুর উপার্জন করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণর এই চিকিৎসক। আজও তাঁরই বানানো ট্রাস্টের অর্থে বনেদি রীতি মেনে দেবীপুজো চলেছে ১৭র কুমোরটুলি স্ট্রীটে। এই বাড়ির পুজোর সবচেয়ে মজার ব্যাপার হল গনেশ ও কার্ত্তিক-র অবস্থান। সাধারন পুজোর থেকে যা সম্পূর্ণ বিপরীত। বিশ্বাস না হলে গিয়ে মিলিয়ে আসুন এ বারের পুজোয়।
সিনেমার রিভিউ পড়ে সিনেমা দেখার অভ্যাস আছে বুঝি আপনার। তাহলে বনেদি-পুজোও দেখুন রিভিউ পড়ে। কিনে নিন ১৮১৯র কলকাতা জার্নাল। নিকি নেচেছিলেন, সঙ্গে মনোহারিণী নুরবকস। যদি বিশ্বাস না হয় তবে কান পাতুন বৈষ্ণবদাস মল্লিকের বাড়ির পুজোয়। স্বর্ণবণিক বৈষ্ণবদাসের এই পুজো প্রায় ২৪০ বছরের পুরনো। স্বপ্নাদেশে পাওয়া এই দেবী মূর্তিতে দেবী উপবিত থাকেন শিবের উপর।
সন্ধিপুজোর ঢাকে কাঠি পড়েছে। উৎসবের গন্ধে সারা বাড়ি ম ম করছে। হঠাৎই গুরু মৃত্যুর খবর পেলেন গিরিশ। সেই শেষ; তারপর থেকে আর কোনদিন সন্ধিপুজো হয়নি মানিকতলার ৪নং ঘোষ লেনের, বাড়ির পুজোয়। বাংলার প্রবাদ প্রতিম নট ও নাট্যকার শ্রী গিরিশ ঘোষের বাড়ির পুজোয় সন্ধিপুজোর চল উঠে কল্যানী পুজোর রীতি শুরু হয়। সেই রীতি আজও পরম যত্নে মেনে চলেন ঘোষ বাড়ির বংশধরেরা।
১. শোভাবাজার রাজবাড়ির পুজো, বড় ও ছোট পক্ষ
২. জোড়াসাঁকো নরসিংহ দাঁ-র বাড়ির পুজো
৩. জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ-র বাড়ির পুজো
৪. ঘোষ বাড়ির পূজো, রামলোচন ও খেলাৎ ঘোষের বাড়ির পূজো
৫. ছাতু ও লাটূ বাবুর বাড়ির পূজো
৬. দর্জি পাড়ার মিত্র বাড়ির পুজো
৭. কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির পুজো
- শুভজিৎ লাহা (slaha666@gmail.com)
১. শোভাবাজার রাজবাড়ির পুজো, বড় ও ছোট পক্ষ
২. জোড়াসাঁকো নরসিংহ দাঁ-র বাড়ির পুজো
৩. জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ-র বাড়ির পুজো
৪. ঘোষ বাড়ির পূজো, রামলোচন ও খেলাৎ ঘোষের বাড়ির পূজো
৫. ছাতু ও লাটূ বাবুর বাড়ির পূজো
৬. দর্জি পাড়ার মিত্র বাড়ির পুজো
৭. কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির পুজো
- শুভজিৎ লাহা (slaha666@gmail.com)
No comments:
Post a Comment